জিতুশোল পুলিশ ক্যাম্পে হাতির তান্ডব
দি নিউজ লায়ন; শনিবার রাতে স্থানীয় জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি আচমকা ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল এলাকায় থাকা পুলিশ ক্যাম্পে।যার ফলে মুহুর্তের মধ্যে ওই ক্যাম্পে থাকা পুলিশকর্মীরা হাতির হামলার হাত থেকে বাঁচতে ছুটে পালায় । সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
হাতিটি পুলিশ ক্যাম্পে দীর্ঘক্ষন তাণ্ডব চালায়। পুলিশ কর্মীদের খাওয়ার জন্য থাকা চাল এর বস্তা রান্না ঘর থেকে টেনে বার করে খায় এবং ছড়িয়ে ছিটিয়ে দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায় পুলিশকর্মীরা । যেভাবে পুলিশ ক্যাম্পে হাতি ঢুকে পড়েছে তাতে হাতির হামলার আশঙ্কা করছেন পুলিশকর্মীরা ।
ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে ।প্রকাশ্যে দিনের বেলায় হাতির দল রাস্তায় ঘুরে বেড়ায় আম ও কাঁঠালের বাগানে গিয়ে তাণ্ডব চালায় ।সেইসঙ্গে বাড়িঘর ভাঙচুর করে। যার ফলে হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে ওই এলাকায়। কিন্তু নতুন মাত্রা যোগ করল শনিবার রাত্রে জিতুশোল পুলিশ ক্যাম্পে গিয়ে হাতির তাণ্ডব চালানোর ঘটনায়।

Post a Comment