বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ - The News Lion

বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ


দি নিউজ লায়ন;  রবিবার সন্ধ্যায় বারুইপুর বৃন্দা খালি গ্রাম পঞ্চায়েতের খুঁটিবেড়িয়া গ্রামে হঠাৎই বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। এলাকাবাসী দেখে প্রতিবেশী বিজেপি কর্মী প্রফুল্ল মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। রবিবার এলাকার সক্রিয় বিজেপি কর্মী প্রফুল্ল মন্ডলের নাতির ষষ্ঠী পূজা ছিল। অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে লোক সমাগম হয়েছিল ভালোই। বিকেল পাঁচটার সময় প্রফুল্ল মণ্ডলের স্ত্রী ঘরের ফলস সিলিং থেকে কিছু একটা পাড়তে গিয়ে ওপর থেকে একটি বোমা ঘরের মেঝেতে পড়ে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ঘর।


আগুনে ঝলসে গিয়ে ঘরের মধ্যে থাকা তিনজন আহত হন। যার মধ্যে তাপস মন্ডল গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান হাতের আঘাত গুরুতর হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নীলরতন সরকার হাসপাতাল রেফার করেছে চিকিৎসকরা। বাকি দুজন অলোক সর্দার, ধৃতিমান মন্ডল কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। 


বিজেপি কর্মী প্রফুল্ল মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে কোন বোমা উদ্ধার না হলেও বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক বিজেপি কর্মী প্রফুল্ল মন্ডল ও তার ছেলে বরুন মন্ডল কে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী দাবি করেছেন, ভোটের পর থেকেই বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছিলো। বাড়িতে বোমা মজুদ রাখার ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.