গন্ধগোকুল হত্যা, গ্রেফতার ২
দি নিউজ লায়ন; একটি ইন্ডিয়ান সিভেট ক্যাট( গন্ধগোকুল) শিকার করার অভিযোগে পাঁচলার দেউলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করল বন দফতর। তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র ও উদ্ধার করেছে বন দফতর। অভিযুক্ত দুই যুবকের নাম কিরন দাস ও লাল্টু দাস। রবিবার তাদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলার হলে বিচারক তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে শনিবার বিকালে পাঁচলা থানা এলাকার দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন যুবক ও কিশোর কে হারপুন ও হাসুয়া জাতীয় ধারালো অস্ত্র সহ ঘোরাফেরা করতে দেখেন স্হানীয় বাসিন্দারা। এভাবে বহিরাগত যুবক ও কিশোরদের ঘোরাফোরা করতে দেখে সন্দেহ হয় স্হানীয় বাসিন্দাদের। পরে তাদের কাছে থাকা ব্যাগ পরীক্ষা করে দেখতে পান তার ভিতরে রয়েছে একটি মৃত ইন্ডিয়ান সিভেট ক্যাট( গন্ধগোকুল)।
এরপর খবর পেয়ে ওই এলাকায় যান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। তারাই গ্রামবাসীদের হাত থেকে ওই যুবকদের উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন। রবিবার এই দলের দুই পান্ডাকে আদালতে তোলার পাশাপাশি মৃত গন্ধগোকুল টির ময়নাতদন্তের জন্য গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান শনিবার আমাদের মঞ্চের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকদের উদ্ধার করে।
ওই দলের মধ্যে কয়েকজন নাবালক কিশোর ছিল। আমরা জানতে পেরেছি আদতে মেদিনীপুরের বাসিন্দা হলেও ওরা আমতায় ডেরা বেঁধে রয়েছে। এবং বিভিন্ন জায়গায় ঘুরে এরা বন্যপ্রানী শিকার করে। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন গন্ধগোকুল সিডিউল ২ পর্যায় ভুক্ত। আমাদের প্রাথমিক অনুমান আদিবাসী সম্প্রদায়ের এই মানুষজন এই সকল বন্যপ্রানী গুলিকে হত্যা করছে নিছক খাওয়ার জন্য। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Post a Comment