কলার ভেলায় ভেসে আসা এক মধ্য বয়স্ক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য - The News Lion

কলার ভেলায় ভেসে আসা এক মধ্য বয়স্ক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  মানিকচকের গঙ্গা নদীর ঘাটে কলার ভেলায় ভেসে এলো এক মধ্য বয়স্ক মহিলার মৃতদেহ।  সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মানিকচক থানার শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। মৃত মহিলার দেহটি যেহেতু কলার ভেলায় ভেসে নদীর ঘাটে ঠেকেছে, তাতেই সংশ্লিষ্ট এলাকার একাংশ মানুষ মনে করছে সাপের কামড়ে এভাবেই আগেকার দিনের মানুষ ভেলাতেই মৃতদেহ ভাসিয়ে দিত। 


ফলে এক্ষেত্রে তেমনই ঘটনাটি ঘটে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন , করোণা সংক্রমণে মারা যাবার পর হয়তো মৃতদেহটি নদীর জলে না ফেলে, কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। নানান মানুষের নানা মতামত নিয়েই শুরু হয়েছে মানিকচক থানা এলাকায় ব্যাপক শোরগোল। এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ শ্মশান ঘাট এলাকায় গিয়ে গঙ্গা নদী থেকে কলার ভেলায় বাধা ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। এরপর সেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছর । তবে ওই মহিলার পরিচয় সম্পর্কে কিছুই জানা যায় নি। কোথা থেকে মৃতদেহটি ভেসে এলো, সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে বিছানা আকৃতির কলার ভেলায় ওই মহিলার দেহ দড়ি দিয়ে নিপুণভাবে বাঁধা ছিল। ভেলাটি ফুল এবং বিভিন্ন কারুকার্য করে সাজানো ছিল।


 আর এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে মানুষের মধ্যেই নানান চর্চা শুরু হয়েছে। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই ওই মহিলার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। মৃত ওই মহিলা করোনায় আক্রান্ত ছিল কিনা বা সাপে কেটে মৃত্যু হয়েছে কিনা এখনই কিছুই বলা যাচ্ছে না। সবই নির্ভর করছে ময়না তদন্ত রিপোর্টের ওপর। মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.