আলিপুরদুয়ারে আটক মহিলা চীনা নাগরিক
দি নিউজ লায়ন; মালদার পর এবার আলিপুরদুয়ার। ৫৮ বছরের মহিলা চীনা নাগরিককে নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল ভারত- ভুটান সীমান্তের জয়গাঁয়। জানা গিয়েছে ওই মহিলা চীনা নাগরিকের নাম নিল ওয়াই লিন(৫৮)। তিনি হংকং-এর বাসিন্দা। বুধবার সন্ধ্যায় তিনি ভুটানে যাওয়ার জন্য জয়গাঁতে এস এস বি দফতরে আসেন। সেখান থেকে তাকে জয়গাঁ ইমিগ্রেশন অফিসে তার কাগজ পত্র ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। সেখানে দেখা যায় তার পাসপোর্টের মেয়াদ ২০২৪ পর্যন্ত থাকলেও ওই মহিলা চীনা নাগরিকের ভুটান যাওয়ার ভিসার মেয়াদ শেষ।
সেই কারনে রাতেই জয়গাঁ থেকে তাকে শিলিগুড়িতে ফরেনার্স রিলিজিওন রেজিস্ট্রেশন অফিসে তার ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য পাঠানো হয়। জানা গিয়েছে বেআইনি ভাবে ভারতে থাকার অপরাধে এবং ভুটানে যাওয়ার ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য তাকে আর্থিক জরিমানা করা হবে। জয়গাঁর ৫৩ নম্বর এস এস বি ব্যাটেলিয়ন সুত্রে জানা গিয়েছে, ওই মহিলা চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দিল্লিতে নামেন। সেখান থেকে বারাণসির একটি ধর্মস্থানে যোগ শিক্ষা গ্রহন করতে থাকেন।
কিন্তু লক ডাউনের কারনে তিনি ভারতে আটকে পড়েন। ২০ জুন তিনি রাজধানী এক্সপ্রেসে করে শিলিগুড়ি পৌছান। সেখানে মিত্তাল হোটেলে থাকেন তিনি। পরে সেখান থেকে ভুটানে যাওয়ার জন্য বুধবার আলিপুরদুয়ার জেলার ভারত - ভুটান সীমান্তের জয়গাতে আসেন। অন্য একটি সুত্র থেকে জানা যাচ্ছে ভুটানে তার নিকট আত্মীয় রয়েছে। এস এস বির ৫৩ নম্বর ব্যাটেলিয়নেট কমান্ডেন্ট মনোহর লাল বলেন, " ওই মহিলাকে আমরা ইমিগ্রেশন দফতরের হাতে তুলে দিয়েছি।
শুনেছি তাকে শিলিগুড়িতে ফরেনার্স রিলিজিওন রেজিস্ট্রেশন অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।" উল্লেখ্য সম্প্রতি মালদাতে চীনা গুপ্তচর হানের গ্রেফতারের পর গোটা দেশে বেআইনিভাবে এদেশে থাকা চীনা নাগরিকদের নিয়ে সতর্ক হয়েছে সীমান্ত প্রশাসন। আর সেই কারনেই বুধবার রাত থেকে এই ঘটনা নিয়ে ভারত- ভুটান সীমান্তের জয়গাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Post a Comment