প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেই জরিমানা - The News Lion

প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেই জরিমানা

 


দি নিউজ লায়ন;   নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা হলেই জরিমানা করবে ইংরেজবাজার পুরসভা। এমনকি যত্রতত্র নিকাশি নালার আবর্জনা ফেলে এবং অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় বাড়ির ভগ্নাংশ মজুত করা হলে সেইসব মানুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে পুরসভা এবং প্রশাসন। ইতিমধ্যেই এব্যাপারে মালদা শহর জুড়ে মাইকিং করে প্রচার চালানোর কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। 


পুরসভার প্রশাসক কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে মালদা শহরের রথবাড়ি এলাকায় হাইড্রেন বন্ধ করে বেআইনি ফুটপাত দখল করার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ওই এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে বেশকিছু অস্থায়ী দোকান । দীর্ঘদিন পর ইংরেজবাজার পুরসভার প্রশাসক কর্তৃপক্ষের কড়া মনোভাব নিয়ে কাজ করার সমর্থন জানিয়েছে শহরের অধিকাংশ নাগরিকেরা। এই উদ্যোগ আরো আগে নিলে বৃষ্টিতে জলমগ্ন হতো না মালদা শহর, এমনটাই দাবি করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।


ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা মালদা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো জানিয়েছেন,  শহরকে জঞ্জাল এবং দূষণমুক্ত রাখতে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে । মানুষকে বিভিন্ন বিষয়ের উপর সচেতন করতে ইতিমধ্যে মাইকিং-এর মাধ্যমে প্রচার করা শুরু হয়েছে। ৫০ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ কোনভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।  মালদার ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষের সঙ্গে এব্যাপারে দ্রুত আলোচনায় বসা হবে। পাশাপাশি অবাঞ্ছিত ভাবে যারা নিকাশি নালার নোংরা আবর্জনা ফেলছে এবং রাস্তার দু'ধারে নির্মাণ সামগ্রী মজুত করে রাখা হচ্ছে, সেই সব এলাকায় নজরদারি চালিয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর প্রসাশক মন্ডলী গঠন করেছিল রাজ্য সরকার। প্রথমে সেই প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন করা হয়েছিল বিধায়ক নিহার ঘোষকে। পরবর্তীতে পুরসভায় সেই প্রশাসক মন্ডলী বোর্ড উঠিয়ে দিয়ে এখন সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। ইংরেজবাজার পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন হয়েছেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। তার উদ্যোগে শুরু হয়েছে শহরজুড়ে জঞ্জাল এবং দূষণমুক্ত তদারকির কাজ।


বলাবাহুল্য , ইংরেজবাজার পুরসভার মোট ২৯টি ওয়ার্ড রয়েছে। অধিকাংশ ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি হয়ে পড়ে। এজন্য নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। পাশাপাশি যত্রতত্র ৫০ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠতে শুরু করেছে। শহরের একাংশ বাসিন্দাদের বক্তব্য , বেআইনিভাবে ফুটপাত দখল, নিকাশি নালা নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জঞ্জাল পরিস্থিতি বেড়ে উঠেছে। পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ এখন যে উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয় । কড়া মনোভাব নিয়ে অভিযান চালালে মালদা শহর অনেকটাই পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত থাকবে।


ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানিয়েছেন, ৫০ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করার ব্যাপারে এর আগেও পুরসভা থেকে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কিছু ব্যবসায়ীরা এব্যাপারে সজাগ হচ্ছে না। এইসব ক্যারিব্যাগ নিকাশি নালার ফেলে দেওয়ার কারন আবর্জনা তৈরি হওয়ায় জলমগ্ন হচ্ছে বিভিন্ন এলাকা। পুরসভা এখন প্রশাসনের হাতে । কাজেই প্রশাসক হিসাবে সদর মহকুমাশাসক যে পদক্ষেপ নিয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয় । আমরা এব্যাপারে প্রতিটি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের মানুষকে সজাগ করার জন্য জানিয়েছি।


ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো জানিয়েছেন ৫০ মাইক্রোনের নিচে ক্যারিব্যাগ যাতে ব্যবসায়ীরা ব্যবহার না করেন , সে ব্যাপারে মাইকিং করে প্রচার করা হচ্ছে। এব্যাপারে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দ্রুত আলোচনায় বসা হবে।  পাশাপাশি যত্রতত্র আবর্জনা ফেলা, নির্মাণ কার্যের ব্যবহৃত সামগ্রী রাস্তার ধারে জমা না করা সেই সব বিষয়ে  প্রচার চালানো শুরু হয়েছে। সাত দিন পর থেকে এইসব কাজের বিরুদ্ধে অভিযান চালানো শুরু হবে। যারা এই কাজগুলি করবেন তাদের বিরুদ্ধে জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.