মুকুল, রাজীবদের নিয়ে কি বললেন মদন মিত্র? জানুন
দি নিউজ লায়ন ; সব ধর্মের একটাই শেষ কথা ক্ষমাই পরম ধর্ম। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনই উপমা টেনে আনলেন তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে তিনি ওই মন্তব্য করেন।
এদিন মদন মিত্র বলেন, "আমার ছোট থেকে আশা ছিল আমি একবার হার্লে-ডেভিডসন বাইক ছুঁয়ে দেখব। কখনো চালাবার সাহস তো ছিলই না। আগে ২৭ লাখ দাম ছিল। এখন তা ৪৫ লাখ। আজকে সেই গাড়িটাও একটু চালিয়েছি। ফলে এই মুহুর্তে তৃণমূলের আর এখন সাইকেলের স্পিড নেই। হাই পিক আপ মোটর বাইকের স্পিড। তৃণমূল এখন হার্লে-ডেভিডসনের স্পিডে রয়েছে। ২০২৪ এর নির্বাচনে বিরোধীদের দিদি ছাড়া প্রধানমন্ত্রীত্বে আর কোনও মুখ নেই। ওদের যেমন একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রীর কোনও মুখ ছিলনা, তেমন দিদি ছাড়া প্রধানমন্ত্রীত্বেও আর কোনও মুখ নেই।
মন্ত্রিসভায় মদন মিত্র ঠাঁই পাননি প্রসঙ্গে মদন মিত্র বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকলে আর কিছু লাগে না। দল যা বলবে সেখানেই কাজ করব।" মুকুল রায়ের ঘরে ফেরা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র বলেন, "পাওয়ার লিগের প্লেয়ারকে আপনি মারাদোনা আর মাদ্রিদের খেলার ব্যাপারে জিজ্ঞেস করছেন ? মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সেখানে আমি মন্তব্য করার কে ? আমাদের কাছে দিদি যা বলেছেন তাই সব। তবে, ভগবান কৃষ্ণ থেকে বুদ্ধদেব, যীশুখ্রীষ্ট থেকে সবকিছুরই শেষ একটাই কথা, ক্ষমাই পরম ধর্ম।"

Post a Comment