আলিপুরদুয়ারে তৃণমূলের বুথ সভাপতি খুন
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ারের মথুরায় মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন করল ভাজপার দুষ্কৃতীরা। আটক সন্দেহভাজন এক। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বোলেরো গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন আলিপুরদুয়ার ১ নং ব্লক মথুরা এলাকার বাসিন্দা দীপক রায় (৩৮)। সঙ্গে আরো ২-৩ জন বন্ধু ছিল।
দীপক এলাকার ১২/৪৪ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি পদে নিযুক্ত ছিলেন। তৃনমূলের অভিযোগ,বাড়ি ফেরার পথে সোনাপুর এলাকায় তার গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। অভিযোগ,গাড়ি ভাঙচুরের পর তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই দুষ্কৃতীরা। কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালায় দীপকের অন্যান্য সঙ্গীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূলের অন্যান্য কর্মীরা।
ঘটনাস্থলে পৌঁছলে দীপক রায় কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। দীপক কে উদ্ধার করে বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারা। স্বাস্থ্য কেন্দ্রে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ। বিদ্ধস্ত গাড়িটি উদ্ধার করে পুলিশ। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দীপক রায় কে পরিকল্পিত ভাবে খুন করেছে। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী করেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী।

Post a Comment