সুজাতার উপর আক্রমণ, কি বলছেন সৌমিত্র খাঁ? - The News Lion

সুজাতার উপর আক্রমণ, কি বলছেন সৌমিত্র খাঁ?

 


দি নিউজ লায়ন;  নিজের কর্মের ফল ভোগ করছেন সুজাতা। এভাবেই আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা নিজের স্ত্রী  সুজাতা মন্ডল খাঁর উপর আক্রমণের প্রতিক্রিয়া দিলেন সুজাতার স্বামী তথা বিষ্ণুপুরের  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, তৃণমূল এতোদিন ধরে যে অত্যাচার করেছে, এখন সাধারণ মানুষ তার উত্তর দিচ্ছেন। আর সেই উত্তর তৃণমূলের প্রার্থী হিসাবে সুজাতাও পেয়েছেন।  উল্লেখ্য, এদিন  হুগলির আরামবাগের পারুলে আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ। 


বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়ার পর সেখানে যান সুজাতা।  জানা যায়, বেশ কয়েকজন তাঁকে বাঁশ নিয়ে তাড়া করলে তিনি নিরাপত্তারক্ষীদের নিয়ে ধান খেতের আলে নেমে আসেন। এরপর বাঁশ দিয়ে সুজাতার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। এমনকী তিনি ওই গ্রাম থেকে ফেরার সময় তাঁর গাড়ি ঘিরে দফায় দফায়  বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সুজাতা অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করছে বিজেপি। 


যদিও বিজেপির অভিযোগ, ওই গ্রামেই সকালে হামলা চালিয়েছিলো তৃণমূল। রান্নার সময় ভাতের হাঁড়ি উলটে দেয় তারা। আর তাতে ইন্ধন দিয়েছিলেন সুজাতা। তবে সুজাতার উপর আক্রমণের ঘটনায় তাঁর স্বামী সৌমিত্র খাঁ বলেন, যা ঘটেছে সবটাই নিজের কর্মের ফল পেয়েছেন সুজাতা। গত ১০ বছর ধরে এলাকার মানুষ ভোট দিতে পারেননি। তাই এবারে তারা জেগে উঠেছেন। আর সেই তৃণমূলের প্রার্থী হওয়ায় সুজাতার উপর এই আক্রমণ ঘটেছে। সৌমিত্র বলেন, তৃণমূলের যারা ভোট ছিনতাই করে জিতবে বলে ভেবেছিলো তারা সেই কাজ করে উঠতে পারেনি। 


গ্রামবাসীরা তাদের আটকে দিয়েছেন। ফলে তৃণমূলের প্রার্থী হিসাবে সুজাতা গ্রামবাসীদের সামনে পড়ে যাওয়ায় গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। আর সেই ক্ষোভের মুখে পড়েছেন সুজাতা মন্ডল খাঁ। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই সুজাতা মন্ডল খাঁ তৃণমুলে যোগ দেন। সেই সময় সৌমিত্র খাঁ সুজাতার সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করেন। পরে তিনি সুজাতাকে ডিভোর্সের নোটিশ পাঠান। যদিও সেই ডিভোর্স প্রক্রিয়া বেশিদুড় এগোয়নি বলেই জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.