লাইনে কাজ করা ৩ রেলকর্মী পিষে দিয়ে বেরিয়ে গেল এক্সপ্রেস
দি নিউজ লায়নঃ লাইনে কাজ করা ৩ রেলকর্মী পিষে দিয়ে বেরিয়ে গেল এক্সপ্রেস। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়গপুর ডিভিশনে ডুয়া ও বালিচক স্টেশনের মাঝে। ফলকনুমা এক্সপ্রেসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ রেলকর্মী। আরও এক জন গুরুতর আহত। জানা গিয়েছে, মৃত ৩ জনই গ্যাংম্যান।
আজ সকাল ১০টা নাগাদ রেল ট্র্যাকে কাজ করার সময় ওই লাইনে চলে আসে হাওড়া থেকে সেকেন্দরাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস। ঘটনাস্থলেই এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান ৩ গ্যাংম্যান বাপি নায়েক, মানিক মণ্ডল ও নিপেন পাল। তাঁদের সঙ্গেই ছিলেন আরও এক কর্মী কিষাণ বেসরা।
বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি। তবে গুরুতর আহত হয়েছেন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে খড়্গপুর রেল হাসপাতালে। সেখানেই চিকিত্সাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত।

Post a Comment