তৃনমূলের হয়ে প্রচারে এসে কি বললেন জয়া বচ্চন
দি নিউজ লায়ন; তৃণমূলর হয়ে ৩ দিনের জন্য রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের শুরুতেই স্মরণ করিয়ে দিলেন, তিনি 'বাংলার মেয়ে'।বললেন,'আমার নাম জয়া বচ্চন। তার আগে আমার নাম ছিল জয়া ভাদুড়ি। আমার বাবার নাম তরুণ ভাদুড়ি। আমরা প্রবাসী বাঙালি। কিন্তু বাঙালি।' একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে আমি অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদব আমাকে বললেন, আমরা সমর্থন করছি তৃণমূল কংগ্রেসকে। তাদের প্রচারে যাবেন আপনি। খুব ভালো লাগল, উনি আমাকে এই কাজটা দিলেন। জয়া বচ্চন বলেছেন,‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।’
বিজেপির বিরুদ্ধে মমতার লড়াইয়ের প্রশংসা করে জয়া বলেন,'সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন একজন মহিলা। মাথা ভাঙা, পা ভাঙা কিন্তু ওরা মমতার হৃদয় ও মস্তিষ্ককে ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করাই মমতার জেদ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নতি হবে। আমার ধর্ম ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা।' রবীন্দ্রনাথের 'বাংলার মাটি, বাংলার জল' থেকে উদ্ধৃত করে জয়া বচ্চনের বার্তা, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। বাংলা আজ যা ভাবে, করে, তা অন্যান্যরা অনেক পরে। জয়া বচ্চন আরও বলেছেন, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।' জানা গিয়েছে বৈঠকের পর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি। তবে জয়া বচ্চনকে নিয়ে তৃণমূলের প্রচার চালানোর বিষয়কে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব।

Post a Comment