খোঁজ নেই নজরবন্দি অনুব্রত মন্ডলের
দি নিউজ লায়ন ; খোঁজ নেই নজরবন্দি অনুব্রত মন্ডলের। পথ বিভ্রাটে অনুব্রতকে হারিয়ে ফেললেন কমিশনের আধিকারিক, আটজন আধাসেনা। প্রশাসন সূত্রে খবর, বুধবার বেলা 11:40 এ বাড়ি থেকে বেরোন অনুব্রত। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিক, ম্যাজিস্ট্রেট এবং আটজন আধাসেনা। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই নজরদারি টিমকে কার্যত ঘোল খাইয়ে ছাড়েন অনুব্রত। বোলপুরের গলি তস্য গলি দিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকেন কমিশনের আধিকারিকদের। একসময় অনুব্রতকে হারিয়ে ফেলে নজরদারি দল।
কার্যত দিগভ্রান্তের মত কখনো নজরদারি টিম ছোটে নানুরের দিকে কখনো আবার ইলামবাজারের দিকে। আবার খবর আছে লাভপুর চলে গিয়েছেন অনুব্রত কমিশনের গাড়ি ছুটে লাভপুর কিন্তু সেখানে দেখা পাওয়া যায়নি অনুব্রত'র। হতাশ হয়ে একসময় দেখা যায় গাড়ি থামিয়ে হাল ছেড়ে দেওয়ার দশা নজরদারি টিমের। দুপুরের দিকে খবর আসে অনুব্রত রয়েছেন সাঁইথিয়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সে দিকেই ছুটেছে নজরদারি টিম। কমিশনের সাফাই, বোলপুরের পথঘাট ভালো করে চেনা নেই গাড়িচালকের যে কারণে এই বিভ্রাট।
অনুব্রত যে গাড়িতে ছিলেন সেই গাড়ি যেদিকে যায় তার উল্টো দিকে চলে যায় নজরদারি টিমের গাড়ি যে কারণে এই বিপত্তি ঘটে। তৃণমূল কর্মীরা অবশ্য বলছেন, কেষ্ট দা কে নজর বন্দী করা কি এতই সোজা! ভোটের আগের দিন কেষ্ট দা ভোকাল টনিক দিতে আসবেন না স্ট্যাটেজি ঠিক করে দেবেন না তা কি হতে পারে নাকি! যতই সেন্ট্রাল ফোর্স আসুক কিছু যায় আসে না। বরং যেভাবে অনুব্রত কে অন্যায় ভাবে নজর বন্দি করা হচ্ছে তার ফল পাবে বিজেপি। খেলা তো হবেই।

Post a Comment