যারা দল ছেড়ে গেছেন মানুষ এদের বিশ্বাসঘাতক হিসেবে শূন্য হাতে ফিরিয়ে দেবে, মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে বললেন অরূপ রায় - The News Lion

যারা দল ছেড়ে গেছেন মানুষ এদের বিশ্বাসঘাতক হিসেবে শূন্য হাতে ফিরিয়ে দেবে, মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে বললেন অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ     রবিবার থেকেই হাওড়ায় প্রচার শুরু করে দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ রবিবার সকালে মধ্য হাওড়ায় অরূপ রায়ের বাড়িতে আসেন। তাঁর আশীর্বাদ নেন। অরূপ রায় বলেন, "মনোজ যেভাবে ক্রিকেটের মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেভাবেই মনোজ বিরোধীদের বাউন্সারকে গ্যালারির বাইরে পাঠিয়ে দেবেন। ছক্কা মেরে বিরোধীদের বাউন্সারকে মাঠের বাইরে করে দেবেন।" জটু লাহিড়ী, শীতল সর্দার সহ পাল্টিরামদের উদ্দেশ্যে অরূপ রায় এদিন বলেন, "যারা দল ছেড়ে গেছেন মানুষ এদের বিশ্বাসঘাতক হিসেবে শূন্য হাতে ফিরিয়ে দেবে। এদের জায়গা হাওড়ার মাটিতে নেই।" 


ক্রিকেটার মনোজ তিওয়ারিকে বহিরাগত বলে বিভাস হাজরার সমর্থনে শিবপুর এলাকায় কিছু মানুষের বিক্ষোভ প্রসঙ্গে অরূপ রায় বলেন, "দল এগুলো বরদাস্ত করে না। দল তাদের কখনোই সমর্থন করে না। তারা বেশি বাড়াবাড়ি করলে দল এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।" এদিন অরূপ রায় আরও বলেন, "ভাজপা একটা সাম্প্রদায়িক দল। ভাজপা বাংলায় যদি কোনওদিন ক্ষমতায় আসে বাংলা বিক্রি হয়ে যাবে।বাংলার মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। সুতরাং বাংলায় ভাজপার কোনও জায়গা নেই। বাংলার মানুষ ভাজপাকে কোনও জায়গা দেবে না। আমি একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। 


 তা আমি সারা জীবন মেনে চলব।" অরূপ রায় বলেন, "মনোজ তিওয়ারি হাওড়ার ভূমিপুত্র। হাওড়াতে জন্ম, হাওড়াতেই থাকেন। সুতরাং তাকে বহিরাগত বলা যায়না।নির্বাচনের জন্য যারা অন্য রাজ্য থেকে আসছে তারাই বহিরাগত। বাইরে থেকে নির্বাচনে ক্ষমতা দখলের জন্য, বাংলায় দাঙ্গা লাগানোর জন্য, বাংলায় মিথ্যাচার করার জন্য যাঁরা আসছেন তারাই বহিরাগত। শিবপুরের মানুষ মনোজ তেওয়ারিকে বিপুল ভোটে  জেতাবে।" জটু লাহিড়ীর প্রসঙ্গে অরূপ রায় বলেন, "জটু লাহিড়ীকে শ্রদ্ধা করি। কিন্তু তার এই ব্যবহার খুবই দুঃখজনক। যেদিন দলের মনে হবে যে আমাদের দলে প্রয়োজন নেই বাড়িতে বসে যাব, সমাজসেবা করব, অন্য কাজ করব।


 কিন্তু নীতি-আদর্শ বিসর্জন দিয়ে অন্য দলে চলে যাব একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন আশা করি করিনা। আমার দলের কাছে প্রস্তাব দল অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরকম লোকের দলের দরকার নেই। এদের মানুষ পছন্দ করবে না। এদের বিশ্বাসঘাতক হিসেবে শূন্য হাতে মানুষ বাড়ি ফিরিয়ে দেবে। হাওড়ার মাটিতে এদের জায়গা নেই।এদিন মনোজ তিওয়ারি সাংবাদিকদের বলেন, "আমি মনে করি দলের ঊর্ধ্বে কেউ হয়না। রাজনৈতিক দল একটা টিমের মতো। আমাদের দলের ক্যাপ্টেন মমতা । তিনি আমাকে সুযোগ দিয়েছেন। টিমকে জেতাতে গেলে সকলকে নিয়েই চলতে হবে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.