হলফনামায় তারিখ ভুল থাকায় বাতিল তৃণমুল প্রার্থী উজ্বল কুমারের মনোনয়ন
দি নিউজ লায়নঃ হলফনামায় তারিখ ভুল থাকায় বাতিল হল পুরুলিয়ার জয়পুর বিধানসভার তৃণমুল প্রার্থী উজ্বল কুমারের মনোনয়ন। হলফনামায় ভু্ল তারিখ থাকায় নির্বাচন কমিশন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেনি। ফলে বাতিল হয়ে যায় তৃণমুল প্রার্থীর মনোনয়ন। পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে গোটা বিষয়টি রাজ্য তৃণমুল নেতৃত্বকে জানানো হয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু বলেন, “ গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।
ওই বিধানসভায় আমাদের কি অবস্হান রয়েছে তা রাজ্য নেতৃত্ব জানাব।” তবে এদিন ওই বিধানসভার স্ক্রুটিনিতে দিনভর নাটক চলে। জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থীর আসন তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়। কিন্তু ওই বিধানসভার তালিকা রাতে আপলোড করা হয়। সেই ওয়েবসাইটে তৃণমুল প্রার্থীকে রিজেক্ট বলে দেখায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বিধানসভার প্রার্থী প্রথম দফার ভোটের জন্য ৯ ই মার্চ মনোনয়ন জমা করে। তাঁর মনোনয়ন প্রস্তাবক ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারন সম্পাদক শরৎ কুমার।
সেই মনোনয়ন দেখে ওই দিনই তাকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। সেই চিঠিতে বুধবার বেলা ১১টার মধ্যে তার সংশোধিত হলফনামা জমা করার কথা জানায় কমিশন। তবে এদিন বেলা ১১টার আগেই প্রার্থী নথিপত্র জমা করেন। কিন্তু সেখানে দেখা যায় তারিখ রয়েছে ৮ মার্চ। ত্রুটিপূর্ণ হলফনামা বলে তা বাতিল করে দেন নির্বাচন কমিশন।

Post a Comment