ইংরেজবাজারে কংগ্রেসের ভাঙ্গন, শতাধিক যোগ দিলো তৃণমূলে
দি নিউজ লায়নঃ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে জোটের সমর্থনে সিপিএম প্রার্থী হওয়ায় কংগ্রেসিদের একাংশদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কোনো প্রার্থী না হওয়ায় এখন দলে দলে তৃণমূলে যোগদান শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের মুহূর্তে কংগ্রেসের মালদার এক বর্ষিয়ান নেতা কয়েকশো কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন।
মঙ্গলবার সকালে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরীর উপস্থিতিতে যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেখানেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন দলের জেলার বর্ষিয়ান নেতা আলম শেখ । তার সঙ্গে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস ছেড়ে আসা শতাধিক কর্মী সমর্থকেরা ।
এদিন রাজনগর এলাকায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরীর সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মীসভায় পঞ্চায়েত সদস্য মাইনুল সেখের নেতৃত্বে স্থানীয় বর্ষিয়ান কংগ্রেস নেতা আলম শেখ সহ শতাধিক কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এদিন এই যোগদান এবং কর্মী সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, পঞ্চায়েত সদস্য মাইনুল সেখ,কাজিগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী উপ-প্রধান মন্টু ইসলাম সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Post a Comment