বিদেশ বসুকে প্রার্থী করায় বাউড়িয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ
দি নিউজ লায়নঃ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসুকে প্রার্থী করেছে তৃণমূল। ওই ঘোষণার পরই শুক্রবার বাউড়িয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ‘ভূমিপুত্র’ আব্বাসউদ্দীন খানকে প্রার্থী করার দাবিতে জোর রব উঠেছিল উলুবেড়িয়ায়।
কিন্তু, শুক্রবার দুপুরে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায়, ইদ্রিস আলির পরিবর্তে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে উলুবেড়িয়া পূর্ব থেকে টিকিট দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে আব্বাসউদ্দীন খানের অনুগামীরা। ঘরের ছেলেকে প্রার্থী হিসাবে চেয়ে তুমুল বিক্ষোভ করেন তারা।
আজ তারা ফের রাস্তায় নামেন। বিদেশ বসু গো ব্যাক' স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে তৃণমূল কর্মীদের একটি বিশাল মিছিল উলুবেড়িয়া স্টেশন থেকে গোটা শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন আব্বাসউদ্দিন খানও। উলুবেড়িয়া স্টেডিয়ামের সামনে হাওড়া জেলা তৃণমূলের গ্রামীন সভাপতি পুলক রায়ের কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
প্রত্যেকের মুখে মুখে ছিল গো ব্যাক ও ভূমিপুত্র কাজের মানুষ, কাছের মানুষ আব্বাস উদ্দিন খানকে প্রার্থী করতে হবে, বহিরাগত মানছি না স্লোগান। এই বিক্ষোভকারীদের একটাই দাবি, তারা ‘বহিরাগত’ বিদেশ বসুকে প্রার্থী হিসাবে মানবেন না। এখানকার ‘ভূমিপুত্র’ আব্বাসউদ্দীন খানকেই প্রার্থী করতে হবে।
Post a Comment