গুলি করে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার - The News Lion

গুলি করে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ     গুলি করে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম মদন শেখ ও বাপ্পা মাঝি। পুলিস জানিয়েছে, ভাতার থানার বামশোর গ্রামের বাসিন্দা কৌশিক সাহার বলগনা বাজারে মদের দোকান রয়েছে। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে মদ বিক্রির ৬৫ হাজার টাকা একটি ছোট ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। ব্যাগে টাকা ছাড়াও ৩টি মোবাইল, প্যানকার্ড ও অন্যান্য নথিপত্র ছিল। 


পথে ভুমশোর ক্যানেলপাড়ের কাছে তিনজন বাইকে চেপে এসে তাঁকে আটকায়। তাঁকে টাকার ব্যাগ ও যা জিনিসপত্র আছে তা দিয়ে দেওয়ার জন্য বলে দুষ্কৃতিরা। দুষ্কৃতিদের মুখের অের্ধক কাপড় দিয়ে ঢাকা ছিল। কৌশিক টাকার ব্যাগ দিতে না চাওয়ায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাতে ভয় না পেয়ে তিনি প্রাণপণ বাধা দেন। দুষ্কৃতিদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় একজন তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। অন্যজন গুলি চালায়। তাঁর মাথায় গুলি লাগে। 


এরপর দুষ্কৃতিরা জোর করে তাঁর ব্যাগটি নিয়ে চম্পট দেয়। পালানোর সময় স্বল্প আলোয় তিনি বাইকের ৪টি নম্বর দেখতে পান। ঘটনার কথা তিনি থানায় জানান। এরপরই তল্লাশিতে নামে পুলিস। গভীর রাতে এরুয়ার ক্যানেল পাড়ের কাছে একটি বাইকে চেপে দু’জনকে আসতে দেখে পুলিস। দুষ্কৃতিরা বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিস বাইকটিকে আটকায়। কৌশিকের দেওয়া ৪টি নম্বরের সঙ্গে বাইকের নম্বর মিলে যাওয়ায় পুলিস দু’জনকে ধরে থানায় নিয়ে আসে।  


ঘটনায় অপর অভিযুক্ত ডাবলু শেখ অবশ্য এখনও ধরা পড়েনি। ছিনতাইয়ের পর টাকার ভাগ নিয়ে মেঠো পথ ধরে হেঁটে সে মঙ্গলকোটের দিকে চলে যায় বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান বাজেয়াপ্ত করেছে পুলিস। এছাড়াও একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ছিনতাই হওয়া ৪ হাজার ১৫০ টাকা ও ২টি মোবাইল পেয়েছে পুলিস।


 দুষ্কৃতিদের ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃত দু’জনকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বাকি টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারের জন্য এবং ডাবলুর হদিশ পেতে ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.