রাজ চক্রবর্তীর মনোনয়ন পেশের সময় তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বারাকপুর
দি নিউজ লায়নঃ রাজ চক্রবর্তীর মনোনয়ন পেশের দিন ঝামেলা বারাকপুরে। বুধবার বারাকপুরে প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের তারকাপ্রার্থী রাজ চক্রবর্তী সহ অন্যান্যরা। অন্যদিকে, মনোনয়ন জমা দিতে যান শুভ্রাংশু রায় সহ বিজেপির অন্যান্য প্রার্থীরা। তখনই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিন বারাকপুরে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে বারাকপুর। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চলে ইটবৃষ্টি। দুই পক্ষের কর্মী সমর্থকদের কেউ জয় শ্রীরাম ধ্বনি, কেউ আবার জয় বাংলা ধ্বনিতে আওয়াজ তুলতে শুরু করেন। ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়।
এদিন বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রীকে নিয়ে ব়্যালি করে মনোনয়ন পত্র জমা দিতে যান মহকুমা শাসকের অফিসে। তিনি এসডিও অফিসে ঢোকার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি সমর্থকদের হাতে এদিন হেনস্তা হতে হয় রাজ চক্রবর্তীকে। তৃণমূল নেতা উত্তম দাস অভিযোগ করেছেন, বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এক তৃণমূল কর্মীর উপর গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। ওই তৃণমূল সমর্থক ভাটপাড়ার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া তৃণমূল সমর্থকের এক আত্মীয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও দলের তরফে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নয়ন্ত্রনে আনতে পুলিস লাঠিচার্জ করে। ১ রাউন্ড গুলিও চলে বলে খবর। ১টি ওয়ান শট গান উদ্বার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন ১ জন।
বারাকপুরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এলাকায় নামানো হয়েছে ব়্যাফ। এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। যদিও এ নিয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এদিন বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ ওঠে। বারাকপুরের দিনভর এই উত্তেজনায় গোটা ঘটনায় দুই দলেরই কিছু লোক আহত হয়। কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে খবর।এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে কতজন থাকতে পারবেন তা আগে থেকেই কমিশনের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও কীভাবে এত লোকজনের জমায়েত হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post a Comment