প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ছুরির কোপ মেরে খুনের চেষ্টা, বাড়ি ফিরে আত্মঘাতী স্বামী
দি নিউজ লায়নঃ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি। সোমবার সকালে স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা স্বামীর। বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। হুগলির চুঁচুড়ার চকবাজার শান্তিপল্লীতে তীব্র চাঞ্চল্য। শান্তিপল্লীর বাসিন্দা রাজুর সঙ্গে ওই এলাকার এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। তা নিয়েই গত দু’বছর ধরে স্ত্রী রিঙ্কুর সঙ্গে ঝামেলা চলছিল রাজুর। অশান্তির জেরে শ্বশুড়বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে বাপের গিয়ে থাকতে শুরু করেন রিঙ্কু।
সোমবার সকালে রিঙ্কু শান্তিপল্লী এলাকায় গিয়েছিলেন রক্তের নমুনা সংগ্রহ করতে। তখন তাঁকে দেখতে পেয়ে আচমকা ছুরি দিয়ে কোপাতে থাকে রাজু। রক্তাক্ত অবস্থায় রিঙ্কুকে স্থানীয়রা নিয়ে যান চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। রিঙ্কুকে ছুরি মারার পরই রাজু ঘরে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী বলেছেন, ‘‘স্বামী স্ত্রীকে ছুরি মেরেছে শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাঁর বয়ান নথিভুক্ত করা হবে। এই ঘটনায় প্রতিবেশী এবং পরিবারের লোকেরও বয়ান নেওয়া হবে।’’ রিঙ্কুকে ছুরি মারার ঘটনা সামনে আসতে ক্ষোভ জমে এলাকাবাসীর মধ্যে। উত্তেজিত এলাকাবাসী রাজুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকা মহিলার বাড়িও ভাঙচুর করেছে বলে অভিযোগ।

Post a Comment