এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫০০ কেজি বারুদ সহ অন্যান্য বিস্ফোরক তৈরির পাউডার উদ্ধার
দি নিউজ লায়নঃ ভোটের আগে বড়সড় সাফল্য পেল মহেশতলা থানা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫০০ কেজি বারুদ সহ অন্যান্য বিস্ফোরক তৈরির পাউডার উদ্ধার করল পুলিস। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করছে পুলিশ. তরুণ দাস নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বড়কনতলা এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পদস্থ কর্তা এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তরুণবাবুর বাড়িতে হানা দেয়। সঙ্গে মহিলা পুলিস আধিকারিকরাও ছিলেন। ওই বাড়ির নীচে যে গুদাম ছিল, সেই ঘরের বাইরে তালা মারা ছিল। ধৃতের স্ত্রীকে বারবার গেটের চাবি দেওয়ার অনুরোধ করা হলেও, সেটা তিনি দিতে চাননি। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে ধৃত এক ব্যক্তি এই বারুদের কারবারের ব্যাপারে তথ্য দিয়েছে। তার ভিত্তিতেই এখানে অভিযান চালানো হয়েছে।
তারপরও কোনও কাজ না হওয়ায়, শেষমেশ তালা ভেঙেই ঘরে ঢোকেন পুলিশ কর্তারা। ভিতরে যেভাবে বারুদ মজুত করা ছিল, তা দেখে চক্ষু চড়কগাছ তাঁদের। বড়বড় ড্রাম, বস্তা ইত্যাদির মধ্যে নাইট্রেট পাউডার, রূপালী পাউডার (বারুদ), সোডা এবং বেরিয়াম কার্বোনেট রাখা ছিল।
কেন বাড়ির মধ্যে এত পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই বারুদ বাইরে চড়াদামে বিক্রি করতেন তরুণবাবু। এই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ।
তার থেকে সূত্র পেয়েই এই কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। তদন্তকারীদের অনুমান, বাইরে থেকে এই সামগ্রী কিনে আনতেন তরুণবাবু। লুকিয়ে চুরিয়ে সেসব বিক্রি করতেন। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো তোলা হয়। বিচারক অভিযুক্তকে পুলিস হেফাতের নির্দেশ দিয়েছেন। কবে থেকে এবং কীভাবে এই বিস্ফোরকের কারবার চলছিল, কারা রয়েছে এই চক্রে, সবটাই তরুণবাবুকে জেরা করে জানতে চাইবেন তদন্তকারী অফিসাররা।

Post a Comment