'বলহরি হরিবোল বহিরাগতদের খাটে তোল' ২ মে বাংলায় বিজেপির বিসর্জন হবে, অভিষেক
দি নিউজ লায়নঃ 'আগামী ১ তারিখ জনগনের হাতে হতে হবেবন্দী। আর তারিখটা দেখেছেন ১লা এপ্রিল, এপ্রিল ফুলতো করতেই হবে।'- জনসভা থেকে ভাজপাকে আক্রমণ যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'এখনও ৭দফা বাকি আছে।
আট দফায় এদের দফারফা করতে হবে। প্রথম দফায় বহিরাগতদের মানুষ গণতান্ত্রিক ভাবে হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পা ভাঙবে। তৃতীয় দফায় ঘাড় ভাঙবে। চতুর্থ দফায় কোমর ভাঙবে, পঞ্চম দফায় হাঁটু ভাঙবে। ষষ্ঠ সপ্তম ও অষ্টম দফায় বাকি যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ভেঙে, ২ তারিখ বলহরি হরিবোল বহিরাগতদের খাটে তোল বলে বিসর্জনটা করে দেবে বাংলার মানুষ। বিজেপি সরকার ও বাংলার তৃণমূল সরকারের মধ্যে ফারাক বোঝাতে গিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে অভিষেক বলেন, 'মাথায় রাখবেন একদিকে ফাঁকা ভাষণ আরেক দিকে থালা ভর্তি রেশন।
আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। একদিকে উন্নয়ন, আরেকদিকে অনাচার। একদিকে সাম্প্রতিক দাঙ্গা আর উস্কানি অন্যদিকে অগ্রগতি প্রগতি শান্তি। একদিকে বহিরাগত নেতা অন্যদিকে বাংলার মেয়ে।' সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, 'বিজেপির প্রতিশ্রুতি আর ইশতেহার হল অডিও ক্যাসেটের মত। চালাবেন খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর তৃণমূলের প্রতিশ্রুতি আর ইস্তেহার হলো হাই কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন আর দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলেন বাস্তবে তার প্রতিফলন হয়েছে।'
ভোট যত এগিয়ে এসেছে ততই বাংলায় বিজেপির হয়ে প্রচারে আসতে দেখা গিয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে। তৃণমূলের তরফে 'বহিরাগত' বলেও একাধিকবার তাঁদেরকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। ভোটে প্রচার ও বিজেপির সংগঠনের বিস্তার ঘটাতে বাংলায় পড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিঁধে অভিষেক বলেন, 'এখানে ২০ দিন আগে নিত্যানন্দ রায় ক্যাম্প করে বসে আছে। বিজেপিকে জেতাতে হবে! এই রাজ্যটা গুজরাট নয় মধ্যপ্রদেশ নয়। এই জেলার নাম দক্ষিণ ২৪ পরগনা আর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।'
এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে সভামঞ্চ থেকে একাধিক বার্তা দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন 'এই জেলা বিগত ২০১৯-এ ৩১শে ৩১ করেছিল। আগামী দিনেও ৩১শে ৩১ করবে। গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমি বলি হোয়াট দক্ষিণ ২৪ পরগনা থিঙ্কস টুডে, দ্যা এন্টায়ার বেঙ্গল থিঙ্কস টুমরো।'

Post a Comment