ইডি, সিবিআই এখন ভাজপার তোতাপাখি হয়ে গেছে, মন্তব্য ফিরহাদ হাকিমের
দি নিউজ লায়নঃ ইডি, সিবিআই সব এখন ভাজপার তোতাপাখি হয়ে গিয়েছে। মন্তব্য ফিরহাদ হাকিমের। শুক্রবার হাওড়ায় শিবপুর কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে আয়োজিত এক কর্মীসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিযোগ করেন। ফিরহাদ হাকিম বলেন, "ইডি, সিবিআই এদের নিয়ে ভাবার কিছু নেই।
নির্বাচনের সময়ে যেমন ব্যানার পোস্টার লাগানো হয়, মিছিল হয়, মিটিং হয়। সেরকম ভাজপার আমলে নির্বাচন এলেই ইডি, সিবিআই আসে। নির্বাচন মিটে গেলে চলে যায়।" ফিরহাদ হাকিম আরও বলেন, "ইডি, সিবিআই এরা দেশের সম্পদ ছিল এক সময়। অনেক গুরুত্বপূর্ণ মামলার এরা সমাধান করেছে। নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষ এদের প্রতি আশা করতেন।
কিন্তু এগুলো এখন ভাজপার তোতাপাখি হয়ে গেছে। এটাই দুঃখ, এই প্রতিষ্ঠানগুলো ভাজপা নষ্ট করে দিচ্ছে তাদের রাজনৈতিক খেলার জন্য। কিন্তু এগুলো যদি নিরপেক্ষ এজেন্সি হিসেবে থাকে তাহলে দেশের পক্ষে ভালো। ভাজপা এদের ভোটের কাজে লাগিয়ে দেশের কাঠামোকেই নষ্ট করে দিচ্ছে।" এদিনের কর্মীসভায় ফিরহাদ হাকিম ছাড়াও অরূপ রায়, ভাস্কর ভট্টাচার্য, চন্দনকান্তি চক্রবর্তী সহ প্রার্থী মনোজ তিওয়ারি উপস্থিত ছিলেন।

Post a Comment