গড়বেতার খড়্কুশমা এলাকায় প্রচার করলেন তৃণমূলের প্রার্থী উত্তরা সিংহ হাজার
দি নিউজ লায়ন ; রবিবার রোড শোর মাধ্যমে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা । রবিবার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়কুশমা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা সেবাব্রত ঘোষ, অসীম সিংহ ও দলের অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা রোড শো করে নির্বাচনী প্রচার করেন।
কখনো হুডখোলা গাড়িতে, কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে তিনি জনসংযোগের কাজ করেন। উত্তরা সিংহ হাজরা ওই এলাকার বাসিন্দাদের কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। গত দশ বছর রাজ্য সরকার কি কি উন্নয়নের কাজ করেছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে গড়বেতা বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষের কাছে তাকে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে উত্তরা সিংহ হাজরা বলেন তৃণমূল কংগ্রেস সরকার গরিব মানুষের সরকার।
কেন্দ্র সরকার বাংলার উন্নয়নে বঞ্চনা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। তিনি আরো বলেন যে বিজেপি পরিচালিত রাজ্যগুলি কে সোনার গড়ে তুলতে পারেনি বিজেপি। অথচ সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। বিজেপির প্রতিশ্রুতি আপনারা শুনবেন না।বিজেপি মিথ্যাবাদী রাজনৈতিক দল ।তাই সেই দলের প্রার্থীকে আপনারা ভোট দেবেন না।
সেই সঙ্গে তিনি বলেন বাম কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী তপন ঘোষ যিনি নন্দীগ্রাম গণহত্যা কাণ্ডে অভিযুক্ত হয়ে জেল খেটেছেন। যে গড়বেতা সিপিএমের আমলে সন্ত্রাস ও অত্যাচারের শিকার হয়েছিল। সেই গড়বেতায় সন্ত্রাসের দিনগুলি আর ফিরিয়ে আনবেন না ।তাই সিপিএম প্রার্থী তপন ঘোষ কে ও আপনারা ভোট দেবেন না।
শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি সকলকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। উত্তরা সিংহ হাজরার রোড শোতে বহু মানুষ শামিল হয়েছিল। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।তাই কখনো গাড়িতে করে কখনো পায়ে হেঁটে মানুষের সাথে গিয়ে কথা বলেন এবং তাকে ভোট দেওয়ার আবেদন জানান তৃনমূলের প্রার্থী উত্তরা সিংহ হাজরা।

Post a Comment