পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরীর
দি নিউজ লায়ন ; পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরীর। কোচিং থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই এক মালবাহী গাড়ি ধাক্কা দেয় ওই কিশোরীকে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়েরা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় শফিকুল নামে পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার জে এন মুখার্জি রোডে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বছর সাতেকের দিব্যা মালি সন্ধ্যে নাগাদ পড়ে বাড়ি ফিরছিল। জে এন মুখার্জি রোডের যে এলাকায় কিশোরীর বাড়ি সেই এলাকায় একাধিক কারখানা রয়েছে। সেই কারণে ওই এলাকায় সব সময় মালবাহী লরি, পিক আপ ভ্যান প্রভৃতি গাড়ি যাতায়াত করে। পাশাপাশি রাস্তাটি খুবই ঘিঞ্জি।
যখন দিব্যা বাড়ি ফিরছিল তখন একটি বোলেরো পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে দিব্যা। তার মাথায় গুরুতর আঘাত লাগে। এই অবস্থায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পলাতক ছিল। শুক্রবার পিক আপ ভ্যানের চালক শফিকুলকে পুলিশ গ্রেপ্তার করে।

Post a Comment