টুঙ্গিপাড়া যেতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - The News Lion

টুঙ্গিপাড়া যেতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




বাংলাদেশ প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ মার্চ ঢাকা সফরে আসছেন। তার এই সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে আগ্রহ প্রকাশ করেছেন মোদী।


বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত। এটা অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু সঠিকভাবেই এগুচ্ছে। তিনি (মোদি) টুঙ্গিপাড়া যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। ২৬ মার্চ যেতে পারেন। সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।


গত ২৮ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর চূড়ান্ত করতে চার দিনের সফরে ভারত যান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেই সফরে পররাষ্ট্রসচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জংশঙ্কর ও পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।


দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে মোদীর ঢাকা সফরের প্রস্তুতি এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তির কর্মসূচি ঠিক করার বিষয় গুরুত্ব পায়। এছাড়া উভয়পক্ষের আলোচনায় কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি ও পানি সম্পদ, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র সচিব গিয়েছেন ভারতে। বিস্তারিত আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে মুজিবনগর সড়কের উদ্বোধন করবেন বলেও জানান মোমেন। ভারতের সঙ্গে কানেকটিভিটি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ভারতের সঙ্গে আমাদের কানেকটিভিটি নিয়ে আলোচনা হচ্ছে। ভারত এটাতে আন্তরিকতা দেখিয়েছে। প্রতিবেশি দেশ ভারত ছাড়াও নেপাল ভুটানের সঙ্গে আমরা কানেকটিভিটি চেয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.