আজই কি প্রার্থী তালিকা ঘোষনা করবে তৃণমূল? চড়ছে জল্পনা
দি নিউজ লায়ন ; আজ বিকেলেই ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর এদিনই সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুরু হয়েছে যজ্ঞ। বিকেলে দলের বৈঠক ডেকেছেন দলনেত্রী। প্রার্থী ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রতিবারই নির্বাচন ঘোষণার পরই সবার আগে প্রার্থী ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। আগের বিধানসভা নির্বাচনের সময়ও বিকেলে প্রার্থী ঘোষণা করেছিলেন তিনি।
শুক্রবার দিনটিও মমতা বন্দ্যোপাধ্যায় লাকি বলে মনে করেন। দলের মুখপত্রও তাই প্রকাশিত হয় শুক্রবার। প্রতি শুক্রবার তাঁর বাড়িতেও দলের নেতা, মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠক করেন। আজ বিকেলেও একটি বৈঠক ডেকেছেন দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই জল্পনা চলছে, আজ প্রার্থী ঘোষণা হতে পারে।
তৃণমূল সূত্রে খবর, আজ ঘোষণা যদি নাও হয় তবে দু-তিনদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। আবার সপ্তাহখানেক পরেও প্রার্থী ঘোষণা হতে পারে। কারণ, অন্যবারের চেয়ে এবার পরিস্থিতি অন্যরকম। জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও প্রায়ই সামনে আসছে। তাই সাবধানী পদক্ষেপই করা হবে। প্রথম এক বা দুই দফার ভোটের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে দলনেত্রীর সিদ্ধান্তের উপরই।

Post a Comment