মুর্শিদাবাদে একাধিক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল সহ মৃত ২
দি নিউজ লায়ন ; মুর্শিদাবাদের একাধিক এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় এক পুলিস কনস্টেবল সহ দু’জনের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বহরমপুর-সাঁইথিয়া গামি ১১নম্বর রাজ্য সড়কের চন্দ্রসিংহবাটি গ্রামের কাছে একটি বাইক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের।
মৃতের নাম উজির শেখ(২৪)। তাঁর বাড়ি স্থানীয় পার্বতীপুর গ্রামে। ঘটনার,প্রত্যক্ষদর্শীরা বলেন, রণগ্রাম ব্রিজ থেকে পিক আপ সামনের দিকে এগিয়ে আসছিলো। আর উল্টো দিকে বাইকটি গোকর্ণ যাচ্ছিল। গ্রামের কাছে রাস্তার একটি বাঁক ঘোরার মুখে দু’টি গাড়ির ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারা বাইক চালক ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস বাইক ও পিক আপ ভ্যানটি আটক করেছে। ঘটনার পরই ভ্যান ফেলে চালক পলিয়ে যায়।
পরবর্তী দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সোনারুন্দি গ্রামের কাছে ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক পুলিস কনস্টেবলের মৃত্যু হয়। মৃতের নাম মহম্মদ সিদ্দিতুল্লা আনসারি(৪১)। তাঁর বাড়ি তালিবপুর গ্রামে। তিনি তেতুঁলিয়া পুলিস ফাঁড়িতে কর্মরত ছিলেন। ছুটি শেষে কাজে যোগ দিতে বাইক নিয়ে সেখানে যাচ্ছিলেন। কিন্তু রাস্তা খারাপ থাকায় পড়ে যান। সেসময় একটি পথচলতি ডাম্পার চলে এলে তিনি নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিস ডাম্পার ও বাইকটি আটক করেছে। ডাম্পারের চালক পলাতক।
একই সময় পার্শ্ববর্তী ডাঙাপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর বাড়ির মধ্যে ঢুকে পড়লে চালক মফিজুল শেখ ও সাইকেল আরোহী বৃদ্ধ সামসের শেখ মারাত্মক জখম হন। ওই বৃদ্ধকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসিন্দারা জানান, রাজ্য সড়কে ট্রাক্টরটির সামনে আচমকা একটি ট্রাক চলে এলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Post a Comment