বছরের শেষ দিনে দুর্ঘটনায় দুটি পা বাদ গেল
দি নিউজ লায়নঃ বর্ষবরণের রাতে রেলের চাকায় পিষ্ট হয়ে দুটো পা বাদ গেল আনুমানিক আঠারো বছর বয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। আহত যুবকের নাম সফিকুল সেখ। বাড়ি শান্তিপুর পৌরসভার নতুন পাড়া এলাকায়। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে সফিকুল এলাকায় ঘুরে প্লাস্টিক কুড়োনোর কাজ করতো বলে জানা গিয়েছে পারিবারিক ও স্থানীয় সূত্রে।
জানা যায়, ওই দিন রেল লাইনের ধারে প্লাস্টিক সংগ্রহ করতে গিয়ে কোনো ভাবে ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে তাঁর পা দুটি বাদ চলে যায় বলে ধারণা স্থানীয়দের।বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই আহত যুবককে পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

Post a Comment