মালদায় বেআইনি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান
দি নিউজ লায়নঃ ১০ লাখি গাড়ি আর ১০ টাকার পার্কিং ফি দিতে নারাজ অনেকে। তাই যত্রতত্র জাতীয় সড়কের ধারে এবং মালদা শহরে যেখানে সেখানে অবৈধ পার্কিং হচ্ছে। এবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামলো পুলিশ। শনিবার সকাল থেকে মালদা ট্রাফিক ওসি বিটুল পালের নেতৃত্বে শুরু হয় অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে অভিযান। বিভিন্ন এলাকার রাস্তায় বেআইনিভাবে যত্রতত্র দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িগুলি জ্যামার দিয়ে আটকে রাখা হয়। পাশাপাশি ওই সব গাড়িগুলো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মালদা ট্রাফিক পুলিশের কর্তারা। পুলিশি অভিযানের কথা চালু হতেই বহু চারচাকা চালকেরা তাদের গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে ফেলেন।
তবে এই ধরনের পদক্ষেপ নেওয়া যে আগেই দরকার ছিল , সে ব্যাপারে শহরের একাংশ নাগরিকেরা মত প্রকাশ করেছেন। উল্লেখ্য, সম্প্রতি মালদায় পুলিশ সুপারের নতুন অফিস ভবন উদ্বোধনে এসেছিলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। মালদা শহরের যানজট সমস্যা দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, রাজ্যজুড়ে ট্রাফিক ব্যবস্থায় জোর দিয়েছে সরকার। এরপরই মালদায় ট্রাফিক ব্যবস্থা জোর দেওয়া শুরু করেছে জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের আশেপাশে বেআইনিভাবে পার্কিং করে রাখা যানবাহন আটক করতে অভিযানে নামে পুলিশ।
রথবাড়ি, রবীন্দ্র এভিনিউ , কে.জে. স্যানাল রোড এলাকায় অভিযান চালানো হয়। পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের পুরনো হাসপাতাল, জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করা ব্যবস্থা রয়েছে। সেখানে চার চাকার গাড়ি রাখার ক্ষেত্রে ১০ টাকা এবং মোটরবাইক রাখার ক্ষেত্রে ৫ টাকা করে দিতে হয়। কিন্তু অধিকাংশ যানবাহন চালকেরা নির্দিষ্ট পার্কিংয়ে গাড়িটা রেখে শহরের বিভিন্ন রাস্তায় বেআইনিভাবে যানবাহন রাখছে বলে অভিযোগ। ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, পুলিশ ভালো কাজ করছে। এই ধরনের বেআইনি পার্কিং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরসভার পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এই অভিযান আগামীতেও চালানো হবে। মালদার ট্রাফিক ওসি বিটুল পাল জানিয়েছেন, বেআইনি পার্কিং-এর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও চলবে।

Post a Comment