মার্কিন পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় নিহত ৪, আটক ৫২
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকেরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় ট্রাম্পের এক নারী সমর্থকসহ ৪ জন নিহত হয়েছে। ১৪ পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। এখন পর্যন্ত ৫২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র। কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়াতে। এ এক নজিরবিহীন ঘটনা। কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা-ভাঙচুরের পর দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে কয়েক ঘণ্টা।
স্থানীয় সময় বুধবার বিকেল চারটার ঠিক আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে একদল উগ্র ট্রাম্প সমর্থক। এর আগে, মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেছিলেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এরপরই ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা।
কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় কংগ্রেস ভবনের ভেতর বাহির। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল, ফাঁকাগুলিতে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় কংগ্রেসের ভেতর প্রবেশ করা এক নারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান তিনি। মার্কিন গণমাধ্যম জানায়, ওই নারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক প্রবীন সদস্য। সান দিয়াগোর বাসিন্দা আশিল বাব্বিট ট্রাম্প সমর্থক বলে জানিয়েছে তার পরিবারের সদস্য।
সংঘর্ষের মধ্যে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ কংগ্রেস সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ। এই পরিস্থিতিতে কংগ্রেস অধিবেশনও মুলতবি করা হয়। দীর্ঘক্ষণ তাণ্ডব চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় পুলিশ আটক করে অর্ধশতাধিক মানুষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়াতে। এছাড়াও, ২১শে জানুয়ারি পর্যন্ত রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।

Post a Comment