মান বজায় রাখতে হাওড়াতেও কমানো হলো ভ্যাকসিন কেন্দ্র
দি নিউজ লায়ন ; মান বজায় রাখতে শনিবার প্রথম দিনেই একসঙ্গে সব কেন্দ্র থেকে প্রতিষেধক দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো ভ্যাকসিন কেন্দ্রের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। হাওড়াতেও কমানো হয়েছে ভ্যাকসিন কেন্দ্র। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানিয়েছেন হাওড়ায় ১৬ জানুয়ারি শনিবার করোনা প্রতিষেধক দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে মোট ৮টি কেন্দ্র থেকে।
সরকারি হাসপাতাল ও আর্বান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে এই ৮টি ভ্যাকসিন কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রতি জায়গায় ১০০ জন করে ভ্যাকসিন পাবেন। শনিবার এই কর্মসূচির আগে হাওড়ায় এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। উল্লেখ্য, শনিবার দুপুরে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিত থাকবেন জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার সহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
এর আগে গত মঙ্গলবার রাতেই হাওড়ায় এসে পৌঁছায় প্রথম ধাপের টিকার ডোজ। প্রথম ধাপে এসে পৌঁছায় ২৮,৫০০ ডোজ। ১৬ জানুয়ারি জেলার ৮টি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকাকরণের কাজ শুরু হবে। এরপর দ্বিতীয় ধাপে প্রায় এই সংখ্যক ডোজই আসবে। প্রথমে কাদের সেই ডোজ দেওয়া হবে তার তালিকাও তৈরি রয়েছে।
জানা গেছে, প্রথমে এই টিকা দেওয়া হবে যাদের তাঁরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এদের সবার ডোজ দেওয়া শেষ হলে তারপরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

Post a Comment