মাথায় পাটের গাট্টি পড়ে মৃত্যু হলো শ্রমিকের
দি নিউজ লায়ন ; চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে মর্মান্তিক দুর্ঘটনা। মাথায় পাটের গাট্টি পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। নিহতের নাম সঞ্জয় দাস (৪৫)। জুট মিল সূত্রে জানা গিয়েছে, শনিবার নাইট শিফটে ডিউটি ছিল সঞ্জয়ের। পাটঘরে কাজ করছিলেন তিনি। মাঝরাতে টিফিন টাইমে ঘটে বিপত্তি। খাবার খাওয়ার সময় আচমকা মাথার উপর ঝুলতে থাকা বিশালাকার পাটের গাট্টি তার মাথায় গিয়ে পড়ে।
পাটের তলায় বেশ কিছুক্ষণ চাপা পড়ে থাকে তার মৃতদেহ। পাটঘরে কর্মরত অন্যান্য শ্রমিকরা খাওয়া সেরে ফিরে এসে দেখেন নিখোঁজ সঞ্জয়। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরে পাটের নিচ থেকে রক্ত বের হতে দেখে সন্দেহ হয় তাদের। মজুত করা পাট সরিয়ে তার নিচ থেকে উদ্ধার হয় সঞ্জয়ের দেহ।
কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় নিহতের পরিবারের একজনকে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Post a Comment