ঝাড়গ্রামে জঙ্গলমহল উতসবের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন ; পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজ্যস্তরিয় সপ্তমবর্ষ জঙ্গলমহল উৎসব বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঝাড়গ্রাম শহরের ননীবালা বিদ্যালয় প্রাঙ্গণে। বুধবার প্রদীপ জ্বালিয়ে সপ্তম বর্ষ জঙ্গলমহল উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ,জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, বিধায়ক চূড়ামণি মাহাতো,খগেন্দ্র নাথ হেমব্রম,দুলাল মুর্মু, প্রাক্তন সাংসদ উমা সোরেন, সমাজসেবী ছত্রধর মাহাতো, বীর বাহা সোরেন টুডু,রবিন টুডু, সহ আরো অনেকে। ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য পরিবেশন জঙ্গল মহল উৎসবে অনুষ্ঠিত হবে।
ওই অনুষ্ঠানে চাং নাচ ,পাতা নাচ, ঝুমুর গান, ভাদু, টুসু ঘোড়া নাচ , ছৌ নাচ সহ বিভিন্ন লোকসংগীত,নৃত্য এবং প্রাদেশিক লোক নৃত্য অনুষ্ঠানের আয়োজন থাকছে। মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে জঙ্গলমহল এর অন্তর্ভুক্ত চব্বিশটি ব্লকের ৯৬০ টি গোষ্ঠীকে ধামসা মাদল প্রদান করা হয় ।মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের ৪২ টি স্টল রয়েছে, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, ঝাড়গ্রাম ,পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচটি সুদৃশ্য প্যাভেলিয়ান রয়েছে এবং জঙ্গলমহলের হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী ও বিক্রির জন্য কারিগরি হাটে শতাধিক বিক্রয় বিপনী রয়েছে।
প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ খোলা থাকবে। জঙ্গল মহল উৎসবে রাজ্য সরকারের করোনা সতর্কতা মেনে চলার অনুরোধ জানানো হয়। ওই অনুষ্ঠানে উদ্বোধন করে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন জঙ্গলমহলের লোকশিল্প কে বাঁচিয়ে রাখার জন্য ও জনপ্রিয় করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জঙ্গলমহল উৎসবের সূচনা করেছিলেন। সেই জঙ্গলমহল উৎসব সপ্তমবর্ষে পড়েছে।
আগামী ২৭ শে জানুয়ারি পর্যন্ত জঙ্গলমহল উৎসব চলবে। তিনি সর্বস্তরের মানুষকে জঙ্গলমহল উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন এর ফলে এই এলাকার লোক শিল্পীরা বিশেষভাবে উপকৃত হবেন এই উৎসবে ঘটবে আদিবাসী সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধন।সেই সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মেলায় আসা সকলকে করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের সমস্ত নিয়ম বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

Post a Comment