কুলতলিতে ইটভাটায় দুষ্কৃতিদের তান্ডব
দি নিউজ লায়ন ; ইটভাটায় দুষ্কৃতিদের তান্ডব অব্যাহত কুলতলিতে। রাতের অন্ধকারে ইটভাটায় হামলা চালিয়ে আবারও এক ইটভাটার মালিককে গুলি করার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। গুলিতে জখম ওই ইটভাটার মালিকের নাম সাধন মন্ডল। আসানশোলের বারাবনি থানা এলাকার বাসিন্দা সাধন মন্ডল দীর্ঘ আট বছর ধরে কুলতলি থানার জালাবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামন- মোল্লারচক গ্রামে একটি ইটভাটা চালাচ্ছেন।
বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন নিজের ইটভাটার ঘরে। রাত বারোটার পর চিত্কার চেচাঁমেচিতে ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে থেকে দরজায় ধাক্কা মারতে থাকে কয়েকজন এবং দরজা খুলতে বলায় সাধন বাবু বিপদের আঁচ পেয়ে দরজা না খোলায় কয়েকজন দুষ্কৃতি তার ঘরের ছাদে উঠে এসবেসটস ভেঙে ঘরের মধ্যে ঢুকে মারধর করতে করতে ঘরের বাইরে বের করে এনে ডান পায়ের উরূতে গুলি করে।
একই সঙ্গে বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইটভাটার কর্মী সাগর মিস্ত্রীকে। গুলির আওয়াজে ইটভাটার শ্রমিকরা বেরিয়ে আসতেই গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতিরা। রক্তাক্ত অবস্থায় সাধন বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
বর্তমানে তিনি বিপদমুক্ত আছেন। গভীর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। নিরপত্তার অভাবে কাজ বন্ধ করেছে ইটভাটার শ্রমিকরা। ইটভাটার ব্যবসায়িক বিবাদের জের চলছিল সাধন মন্ডল ও ওই ইটভাটার আগের মালিক মহাদেব মণ্ডলের। এই ঘটনা সেই বিবাদের জেরে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

Post a Comment