বড়দিনে বালুরঘাটে হেলমেট হীন বাইক ধরতে অভিযান - The News Lion

বড়দিনে বালুরঘাটে হেলমেট হীন বাইক ধরতে অভিযান



দি নিউজ লায়নঃ    জরিমানা বা আইনানুগ কোন ব্যবস্থা নয়, বড়দিনে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের হেলমেট পড়া বাধ্যতামূলক করতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাট ট্রাফিক পুলিশ। শুক্রবার বালুরঘাট থানা মোড়ে বালুরঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। এদিন মূলত যারা হেলমেট ছাড়া মোটরবাইকে যাতায়াত করছেন বা চালাচ্ছেন তাদেরকে আটকিয়ে হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়৷ এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন বালুরঘাট ট্রাফিক পুলিশের ওসি অরুণ কুমার যাদব। 


প্রসঙ্গত, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি দীর্ঘদিন আগে লাগু হলেও এখনো বালুরঘাটের বেশিরভাগ মানুষ নিজেদের খেয়ালখুশি মতো চলাচল করে। এমনকি মোটরবাইক চালানোর সময় হেলমেট পড়ে না বেশির ভাগ আরোহী। এর ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। এছাড়াও বালুরঘাট শহরের একদল উঠতি বয়সী ছেলে মোটর বাইক নিয়ে রেস করে৷ এমনকই খুবই বাজে ভাবে বাইক চালায়। তাই বাইক আরোহীদের হেলমেট পড়া বাধ্যতামূলক করতে বড়দিনে এমন অভিনব উদ্যোগ নিয়েছে বালুরঘাট ট্রাফিক পুলিশ। এদিন সব মিলিয়ে ২০ থেকে ৩০ জন হেলমেটহীন মোটর বাইক আরোহীকে আটকিয়ে তাদের সতর্ক করা হয় এবং চকলেট দেওয়া হয়।


এবিষয়ে বালুরঘাট ট্রাফিক ওসি অরুন কুমার যাদব জানান, এদিন যারা হেলমেট ছাড়া মোটর বাইক নিয়ে যাতায়াত করছিল তাদেরকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন কাউকে জরিমানা করা হয়নি। প্রথমবার হিসাবে সকলকে সতর্ক করা হয়েছিল, যাতে তারা আগামী দিনে সকলেই মোটর বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পড়ে৷ তা না হলে আগামী দিনে জরিমানার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.