চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
দি নিউজ লায়ন ; বাংলা বিনোদন জগতে ফের নক্ষত্র পতন। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শুধু তাই নয়, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
রবিবার সকালে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়। তাঁর প্রয়াণে শকের ছায়া সিনে জগতে। প্রসঙ্গত, ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে থিয়েটারে প্রম্পটারের কাজ করেছেন। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’।
এই ছবি ১৯৫৯ সালে মুক্তি পায়। মৃণাল সেন ছাড়াও তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেই নিয়মিত দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেতাকে। তাঁর দক্ষ অভিনয় বারবার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

Post a Comment