দীর্ঘ দশবছর পরে গড়বেতায় ফিরছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ
দি নিউজ লায়ন ; দীর্ঘ প্রায় ১০ বছর পর চন্দ্রকোনা রোডে ও গড়বেতায় নিজের এলাকায় ফিরছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা সুশান্ত ঘোষ। ঘরের ছেলে ঘরে ফিরছে ' এবং ' বেঙ্গল টাইগার ওয়েলকাম ' এমন বহু পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। তাঁর অনুগামীরা এই কাজ করলেও তাঁরা কারা তা কিছুটা চিহ্নিত করতে পেরেছে দল।| সুশান্ত ঘোষকে নিয়ে বেশি মাতামাতি করলে এখন রাজনৈতিক ভাবে ব্যাকফুটে থাকা সিপিএমের যে আদতে ক্ষতি হবে সেই বার্তা দিয়ে আড়ম্বরহীন কর্মসূচি চাইছেন জেলার সিপিএম নেতারা।
এর পাশাপাশি তাঁরা জানিয়ে রেখেছেন সাধারণ মানুষের উচ্ছাস , আবেগ তাঁরা নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই কে কোথায় তাঁকে নিয়ে কি বলছেন সেবিষয়ে মুখ খুলতে নারাজ জেলা সিপিএম নেতৃত্ব।
যদিও সুশান্ত ঘোষের মত নেতাকে স্বাগত জানাতে সাজ সাজ রব তাঁর খাস তালুক হিসেবে পরিচিত গড়বেতার চন্দ্রকোনা রোডে। পুরো এলাকায় ছেয়ে গেছে সিপিএমের পতাকা , ব্যানার। পার্টি অফিসে পড়েছে নতুন রং। দলের বহু পুরাতন কর্মী , নিস্ক্রিয় কর্মীরা এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছেন পার্টি অফিসে ।'৯০ এর দশকে লাল ধুলো উড়িয়ে কাঁধে লাল ঝান্ডা নিয়ে যে নেতার সঙ্গে মিছিল করেছেন শেখ আলম , হারুন মন্ডল , বিশ্বজিৎ ভূইঁয়ারা তাঁরা মুখিয়ে আছেন তাঁদের আসক্ত শরীরে লাল ঝান্ডা নিয়ে আরও একবার সুশান্তদার সঙ্গে মিছিল করতে।
টানা দু দশকের বিধায়ক , এক দশকের মন্ত্রী ছিলেন। বেনা চাপড়া কঙ্কাল কাণ্ডের জেরে জেল খেটেছেন। জামিন পেয়েও এলাকায় ঢোকার অনুমতি না থাকায় ২০১৪ সালে দলের হয়ে প্রচারে আসতে পারেননি। দলের জন্য সব কিছু দেওয়া সেই সুশান্ত ঘোষকেই ২০১৬ সালে বিধানসভা ভোটে প্রার্থী করেনি দল ।কার্যত সেই সময় থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সিপিএমের এই দাপুটে নেতার। কলকাতায় থাকার সময় দলকে না জানিয়েই গড়বেতা , বাঁকুড়ার কিছু দলের কর্মীকে নিয়ে বৈঠক করে দলবিরোধী কাজে অভিযুক্ত হন ।তখন থেকেই সাসপেনশন হয়ে আছেন।

Post a Comment