রোগীর পরিজনের হাতে মার খেলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ঠিকাকর্মী
দি নিউজ লায়ন ; রোগীর পরিজনের হাতে মার খেলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ঠিকাকর্মী। মারধরে ঠিকাকর্মী জখম হয়েছেন। তাঁর নাক ফেটে যায়। ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার কিডনির সমস্যায় ভোগা স্ত্রীকে হাসপাতালের আউটডোরে দেখাতে নিয়ে আসে প্রশান্ত। আউটডোরে বেশ ভিড় ছিল।
রোগীদের লাইনে দাঁড় করানোর সময় ঠিকাকর্মী ধ্রুব দাসের সঙ্গে প্রশান্তর বচসা বাধে। দু’জনের ঠেলাঠেলি শুরু হয়। পড়ে গিয়ে নাকে চোট পান ধ্রুব। তাঁর নাক ফেটে রক্ত বের হতে থাকে। যদিও ধ্রুবর অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে প্রশান্ত বলে, আমি মারধর করিনি। ঠেলাঠেলির সময় ওই কর্মী পড়ে যান। আমাকেই মারধর করা হয়েছে। খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মারধরে জড়িত মেমারি থানার করন্দার বাসিন্দা প্রশান্ত পরামাণিককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
পরে ঘটনার বিষয়ে ঠিকাকর্মী থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। এর আগেও হাসপাতালে এ ধরণের ঘটনা ঘটেছে। রোগীর পরিজনের হাতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা নিগৃহীত হয়েছেন। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

Post a Comment