বিশ্বভারতীর অনুষ্ঠানে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন মোদি
দি নিউজ লায়ন ; বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ-পূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিই আত্মনির্ভর ভারতের আধার।’ এরই পাশাপাশি এদিন নিজের ভাষণে কবিগুরুর স্বদেশী-ভাবনার বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লি থেকে ভার্চুয়াল এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গুরুদেবই আমাদের স্বদেশী সমাজ গড়ার ভাবনার কথা বলেছিলেন। আশপাশের সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভর সংকল্প গড়ে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। গুরুদেবের চিন্তাধারাকে সঙ্গে নিয়েই আমরা আত্মনির্ভরতার পথে এগোচ্ছি।’’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি এদিন বাংলার মহান বিপ্লবীদের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বোস থেকে শুরু করে প্রফুল্ল চাকি-সহ বহু বাঙালি বিপ্লবীর অনন্য সাধারণ কীর্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বলেন, ‘‘দেশের সম্মান বাঁচাতে বাংলার বহু প্রজন্ম নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। বাংলার বীরদের আত্মত্যাগকে স্মরণে রেখে আত্মনির্ভরতার লক্ষ্যে এগোতে হবে।’

Post a Comment