প্রাচীন কষ্টি পাথরের সূর্য মূর্তি নিয়ে পালালো দুষ্কৃতীরা
দি নিউজ লায়ন ; পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে পরপর চারটি মন্দিরের যাবতীয় সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গয়না, প্রণামী বাক্সের টাকা, বাসন, বিগ্রহের বাঁশি, সোনার বালা,নূপুর সহ আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ওই মন্দিরে তিনশো বছরের প্রাচীন কষ্টিপাথরের সূর্য মূর্তিও দুষ্কৃতীদের নিয়ে চম্পট দেয়।
মন্তেশ্বরের গলাতুন অঞ্চলে এই চুরির ঘটনা ঘটেছে। সেখানের গোস্বামী পাড়ার গোপাল মন্দির, চক্রবর্তী পাড়ার নারায়ন মন্দির,একটি বারোয়ারি দুর্গা মন্দির ও রায়পাড়ার রঘুনাথ মন্দিরে রাতের অন্ধকারে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। রাতে গ্রামীণ এলাকায় টহল বাড়ানো হয়েছে।
বাসিন্দারা জানিয়েছেন,রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো হয়েছিল। রাতে পুজো শেষে পুরোহিত মন্দিরে তালা লাগিয়ে বাড়ি যান। তারপরই গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

Post a Comment