৩ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ধৃত মাদক কারবারী
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত মাদক কারবারিকে বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবু বক্কর (২০)। বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুরে। উল্লেখ্য, বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বৈষ্ণবনগরের একটি টিম এবং কালিয়াচকের এক যুবক ব্রাউন সুগার গুলি নিয়ে আসছিল মোথাবাড়িতে ডেলিভারি করার জন্য। সেই ডেলিভারিটি হয় ইংরেজবাজার বাজারের আমবাজার এলাকায়।
সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায়। ধৃত ব্যক্তির থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। বর্তমান বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। ধৃত যুবককে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Post a Comment