খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ২৬ জানুয়ারি - The News Lion

খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ২৬ জানুয়ারি




ঢাকা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বছরের ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।   মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এদিন ধার্য করেন।  এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল।


 কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বছরের ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।  ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।  


২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।   মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। 


 মামলার অন্য আসামিরা হলেন- এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূইয়া, এমকে আনোয়ার, জামায়াতে ইসলামীর আমির সাবেক মাওলানা মতিউর রহমান নিজামী, আহমেদ আবুল কাশেম, বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, বিএনপি দলীয় সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এএসএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এএম সানোয়ার হোসেন, ও বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.