শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ধরনায় নববধূ
দি নিউজ লায়ন ; বিয়ের পাঁচ দিনের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে নববধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরে। আর স্ত্রীর মর্যাদা পেতে শীতের সকালে শ্বশুর বাড়ীর দরজার সামনে ধর্নায় বসলেন নববধূ। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। এমনকি এই ঘটনায় নির্যাতন চালানোর অভিযোগ করেছেন ওই যুবতীর পরিবারের লোকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পিপলা গ্রামের প্রশান্ত দাসের সঙ্গে প্রতিবেশী পূজা দাসের (২০) প্রেমের সম্পর্ক ছিল। ওই মহিলার পরিবার সচ্ছল নয়। প্রশান্তের পরিবার অবশ্য অবস্থাপন্ন। ফলে সেই সম্পর্ক প্রশান্তের পরিবার মেনে নেয় নি। এদিকে পূজার অন্যত্র বিয়ে ঠিক করা হলেও প্রশান্ত বারেবারে বাধা দিয়ে ভেস্তে দেন বলে অভিযোগ। কিছুদিন আগে প্রশান্তকে পরিবারের লোকজন বাইরে পাঠিয়ে দেন।
চারমাস বাদে প্রশান্ত এলাকায় ফিরে পূজার সঙ্গে দেখা করেন। ২৯ নভেম্বর স্থানীয় কিছু মানুষের উপস্থিতিতে একটি মন্দিরে গিয়ে পূজাকে বিয়ে করেন প্রশান্ত। বিয়ের পর তরুণীর বাড়িতেই ছিলেন। কিন্তু রবিবার বাইরে বেরিয়ে আর ফেরেন নি প্রশান্ত। এরপরই মঙ্গলবার নববধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। তারপরেই এদিন ধর্নায় বসেন নববধূ।
তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য ব্যানার্জি জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন। পুরো বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, এব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আলোচনায় সমাধান সূত্র না বেরলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment