লোহার ছাঁট ব্যবসার আড়ালে কল সেন্টার, কয়েক কোটি টাকা প্রতারণা - The News Lion

লোহার ছাঁট ব্যবসার আড়ালে কল সেন্টার, কয়েক কোটি টাকা প্রতারণা




দি নিউজ লায়ন ;   প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক কল সেন্টারের মালিক। আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে বুধবার রাতে হাওড়ার বেলুড় থেকে সিটি পুলিশের গোয়েন্দারা ওই প্রতারককে গ্রেফতার করেন। ধৃতের নাম শিব কুমার মিশ্র। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত। জানা গেছে, বেলুড়ের বজরংবলি লোহার ছাঁট ব্যবসার আড়ালে কল সেন্টার চালাতেন ওই ব্যক্তি। 


ওই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে ওই প্রতারণা চক্র চালিয়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা অভিযান চালান সেখানে।উদ্ধার হয়েছে প্রচুর ল্যাপটপ সহ দামী মোবাইল। জানা গেছে, বিদেশের বিভিন্ন প্রান্তে নিজেদের এজেন্ট নিয়োগ করতেন শিব কুমার। তাদের মারফত সেই দেশের বাসিন্দাদের ফোন নম্বর জোগাড় করে ইন্টারন্যাশনাল ফোন কল করা হত।নিজেদের পরিচয় দেওয়া হত নামি কম্পিউটার সংস্থার ইঞ্জিনিয়ার বলে।


ফোন করে বলা হত কম্পিউটার এর সফটওয়্যার সমস্যা আছে তা ঠিক করতে হবে। এতে রাজি হলে অনলাইন কম্পিউটার সারাবার অছিলায় ওটিপি দিয়ে ব্যাঙ্ক ডিটেল জেনে নেওয়া হত পেমেন্ট করার জন্য। এরপর অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নেওয়া হত। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে শুধু শিবকুমার নয় একটি বড় চক্র সক্রিয় রয়েছে। 


কল সেন্টার খুলে মূলত বিদেশিদের টার্গেট করা হতো এবং তাদের বিভিন্ন টোপ দিয়ে ব্যাংক একাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া হত এবং সুযোগ বুঝে সেই টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে হাতিয়ে নেওয়া হতো।তদন্তকারীরা এমনও মনে করছেন এখনও দেশের বিভিন্ন প্রান্তে এই চক্র সক্রিয় রয়েছে। ধৃতকে জেরা করে এই চক্রের মাথা পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.