ওঝার কেরামতিতে প্রাণ গেল সাপে কাটা মহিলার
দি নিউজ লায়ন ; সাপে কাটা মহিলাকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হল ওঝার কাছে। কয়েক ঘণ্টা ধরে ওঝার কেরামতিতে প্রাণ গেল মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। নিহত মহিলার নাম রেহেনা বিবি (২৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে বাড়ির পাশে পুকুর ঘাটে একটি বিষধর সাপ রেহেনার ডান পায়ের আঙ্গুলে ছোবল মারে।
অভিযোগ, যন্ত্রণায় যখন রেহেনা ছটফট করছে তখন তাকে হাসপাতাল বা কোনো চিকিৎসকের কাছে নিয়ে না গিয়ে পরিবারের লোকেরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে কেরামতি দেখায় সেই ওঝা। ঝাড়ফুঁকের ফলে আরও অসুস্থ হয়ে পড়ে সাপে কাটা মহিলা। ভোরের দিকে রেহেনা প্রায় অচৈতন্য হয়ে পড়লে বেগতিক বুঝে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে ওঝা। সোমবার সকালে রেহেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
চিকিৎসকরা জানিয়েছেন সাপে কামড়ানোর পরে দীর্ঘক্ষন তাকে ফেলে রাখা হয়েছিল। মূল্যবান সময় নষ্টের ফলেই প্রাণ গেল ওই মহিলার। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে ওঝার কাছে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে তার খোঁজ চলছে।

Post a Comment