পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বাংলাদেশের বায়ুসেনা - The News Lion

পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বাংলাদেশের বায়ুসেনা


ঢাকা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়া চার তরুণ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ হেলিকপ্টার।  উদ্ধারকৃতরা হলেন- রাফসান (২৫), অভীক (২৭), মেজবাহ (২৬) এবং আবরার (২৬)। তারা সবাই কক্সবাজার সদরের বাসিন্দা।  শনিবার সকালে ওই চার তরুণ বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে।


 পাহাড়ে উঠতে উঠতে এমন স্থানে আটকে পড়ে, যেখান থেকে তারা খাড়া পাহাড় বেয়ে নামার পথ খুঁজে পাচ্ছিলেন না। এরপর পাহাড়ের বিভিন্ন জায়গায় হাতির পায়ের ছাপ দেখে তারা আরও ভীত হয়ে পড়ে। পরে কোনো উপায় না পেয়ে ওই তরুণরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯৯৯ জানায়, শুরুতে ওই তরুণরা তাদের লোকেশন জানিয়েছিল কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে এক পাহাড়ে, যেখান থেকে তারা সাগরে বিমান বাহিনীর মহড়া দেখতে পাচ্ছিল। পরে ৯৯৯ থেকে বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে বিষয়টি জানানো হলে আটকে পড়া তরুণদের অবস্থান চিহ্নিত করা হয় মেরিন ড্রাইভের রামু থানাধীন দরিয়ানগর পাহাড়ে। 





 পরবর্তীতে বিমান বাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম একটি রেসকিউ টিম গঠন করে এবং বিকাল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়।  





পাহাড়ে হেলিকপ্টার ল্যান্ড করার মতো উপযুক্ত স্থান না থাকায় ওই তরুণদের বিশেষ ‘রেস্কিউ রোপের’ সাহায্যে হেলেকপ্টারে তোলা হয়।  হেলিকপ্টারটি বিকাল ৫টা ৬মিনিটে কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার এর সহায়তায় সার্চ এন্ড রেসকিউ টিমের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া চার তরুণকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নেয় বিমান বাহিনী।  এর মধ্য দিয়ে ৯৯৯ নম্বরে ফোন কলে বিমান বাহিনীর সহায়তায় সফল পরিসমাপ্তি ঘটে একটি সফল উদ্ধার অভিযানের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.