রেল লাইনে ফাটল, ট্রেন চলাচল ব্যাহত
দি নিউজ লায়নঃ মাত্র সপ্তাহ খানেক হয়েছে লোকাল ট্রেন ফের চালু হয়েছে আর এরই মধ্যে বিপত্তি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায়। রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। পরে রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও রেল সূত্রে খবর আবহাওয়ায় তাপমাত্রার তারতম্যের কারণেই এই বিপত্তি।
জানা গেছে মঙ্গলবার সকাল ৭টা ৩০ নাগাদ হাওড়া আমতা শাখায় রেল লাইনে কাজ করার সময় দক্ষিণবাড়ী রেল ষ্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখতে পায় রেল কর্মীরা। খবর দেওয়া হয় আধিকারিকদের। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শুরু হয় লাইন মেরামতের কাজ। এদিকে সকালে অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা।
প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। রেল লাইনের ফাটল সম্পর্কে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান আবহাওয়ার তারতম্যের কারণেই এই ঘটনা। শীতের সময় এইরকম ঘটনা ঘটেই থাকে।

Post a Comment