বাইক দুর্ঘটনায় নিহত ফুটবলার - The News Lion

বাইক দুর্ঘটনায় নিহত ফুটবলার




দি নিউজ লায়ন ;  বাইক দুর্ঘটনায় মৃত্যু হল অনূর্ধ্ব ১৪  ভারতীয় দলের হয়ে খেলা ফুটবলারের। নিহতের নাম জয়ব্রত দেবনাথ ( ২১)। গুরুতর জখম হয়েছে সুজিত বিশ্বাস নামে জয়ব্রত'র এক বন্ধু। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হুগলি ভদ্রেশ্বর থানা এলাকায় দিল্লি রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়ব্রত এবং তার বন্ধু সুজিত দুজনেরই বাড়ি হুগলির ব্যান্ডেলে। 


শনিবার রাতে শেওড়াফুলি কৃষক বাজারে আসার সময় দুর্ঘটনা ঘটে। দিল্লি রোডের ওপর একটি ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের বাইক। বাইকের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুটবলার জয়ব্রত দেবনাথের। আশঙ্কাজনক অবস্থায় জয়ব্রত'র বন্ধু সুজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই বাইক আরোহীর কারোর মাথাতেই হেলমেট ছিল না। দুর্ঘটনায় প্রতিভাবান ফুটবলারের মৃত্যুতে কার্যত হতবাক ব্যান্ডেলের ওলাই কৈলাশনগর। জয়ব্রত'র পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৩  তে অন্তত ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন জয়ব্রত থাইল্যান্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। কিভাবে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল তা বুঝে উঠতে পারছেন না তার পরিবারের সদস্যরা।


 ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়ামহল। পুলিশ সূত্রের খবর, আপাতত নিহত ফুটবলারের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক। সে সুস্থ হয়ে উঠলে তার বয়ান রেকর্ড করবে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইকের গতি বেশি থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.