৬ ডিসেম্বর বাগডোগরা পৌঁছচ্ছেন বিমল গুরুং, থাকবেন পাহাড়ে
দি নিউজ লায়ন ; মোর্চা নেতা বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরা নিয়ে সরগরম দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং শিবিরের খবর ৬ ডিসেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে বাগডোগরা বিমানবন্দরে নামছেন বিমল গুরুং। তবে ওই দিনই তিনি দার্জিলিং আসছেন না। তিন-চারদিন তিনি শিলিগুড়িতে থাকবেন। বেশকিছু দলীয় কর্মসূচি রয়েছে তাঁর।
বাঘাযতীন পার্কে একটি সমাবেশ করার কথা রয়েছে গুরুঙ্গের। তারপর তিনি পাহাড়ে আসবেন। ১০ থেকে ১৫ দিন পাহাড়ে থাকবেন গুরুঙ। খুব সম্ভবত পাট্টাবাং গেস্ট হাউসে থাকবেন তিনি। এই সময় একাধিক কর্মসূচি থাকছে তাঁর। তবে বড় কোন জনসভা করার সম্ভাবনা কম। গুরুং শিবিরের খবর, পাহাড়ে তাদের জনসমর্থন যথেষ্ট মজবুত তাই তরাই এবং ডুয়ার্সের দিকে বিশেষ নজর দিতে চান বিমল গুরুং। পাহাড়ে ১০ থেকে ১৫ দিন কাটিয়ে তিনি দ্রুত তরাই এবং ডুয়ার্সের দিকে নজর দেবেন এবং সেখানেই পড়ে থেকে বিভিন্ন কর্মসূচি করবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে বিমল গুরুং এবং রোসন গিরির পাহাড়ে ফেরা এবং রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জিটিএ চেয়ারম্যান তথা তামাঙপন্থী নেতা অনিত থাপা জানিয়েছেন, পাহাড়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত।
এখানে যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন কিন্তু পাহাড়ে শান্তি বিঘ্নিত হলে কড়া হাতে মোকাবিলা করা হবে। কোন রকম ভাবে পাহাড়ে অশান্তিতে উস্কানিমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিন বছর ধরে পাহাড় শান্তিতে আছে এই শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেয়া হবে এবং সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।

Post a Comment