জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, নেপথ্যে অর্জুন, অভিযোগ জ্যোতিপ্রিয়র
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন। তাঁর সাফাই গণপিটুনিতে মৃত্যু হয়েছে আকাশের। এর সঙ্গে বিজেপির যোগ নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের পাল ঘাট এলাকার বাসিন্দা আকাশ প্রসাদ সাউ স্থানীয় একটি জুট মিলে কাজ করতেন। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন তিনি। বুধবার গভীর রাতে বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আকাশ। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় দক্ষ সংগঠক ছিল আকাশ। একাধিকবার বিজেপি তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেয়ার জন্য হুমকি দিয়েছিল তাকে। তাতে কাজ না হওয়াতেই খুন। এই ঘটনার নেপথ্যে রয়েছেন অর্জুন সিং। তার মদতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
ব্যারাকপুর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, চপার জাতীয় কিছু অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় আকাশকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় দুষ্কৃতিরাই তাকে খুন করেছে বলে মনে করা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment